প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৮:১৩ এ.এম
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিবারের সঙ্গে পানের বরজে কাজ করার সময় আবদুল আমিন (১৫) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা।
১২ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে অপহৃত আবদুল আমিন উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোক্তার আহমদের পুত্র। সে স্থানীয় মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু মুখোশধারী লোক অস্ত্রের মুখে আব্দুল আমিনকে জিম্মি করে। ওই সময় সে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। এরপর সন্ত্রাসীরা কয়েকটি ফাঁকা গুলি ছুঁড়ে তাকে নিয়ে গহীন পাহাড়ের দিকে চলে যায়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ উল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সকালে পরিবারের লোকজনের সঙ্গে আবদুল আমিন পানের বরজে কাজ করতে যায়। ওইসময় হঠাৎ মুখোশধারী কিছু লোক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি বলে জানায় পরিবার।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড়ে থাকা রোহিঙ্গারা স্থানীয়দের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। আবদুল আমিনকেও তারা অপহরণ করে মুক্তিপণ দাবি করতে পারে বলে জানিয়েছেন ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ উল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla