
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, “বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায়, তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ করে দেবো। এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও জানান, “এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই রয়েছে।”
প্রবাসী ভোটারদের বিষয়ে কাজের অগ্রগতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “পুরনো ১১টি দেশের পাশাপাশি আরও চারটি নতুন দেশে ভোটার হালনাগাদ শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ চালু করতে পারব বলে আশা করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে আমাদের হাতে এসেছে।”
তিনি আরও বলেন, “স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়ে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করেছেন। নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সচিবালয় ও মাঠ পর্যায়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।”
গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, “গণভোট হবে কি হবে না—এ বিষয়ে নির্বাচন কমিশনে এখনও কোনো প্রস্তাব উপস্থাপন হয়নি।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com