কাল থেকে কঠোর আন্দোলনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এবার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বেতন বৈষম্য দূরীকরণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং তিন দফা দাবিতে তাঁরা কাল শনিবার (৮ নভেম্বর) থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন।
চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই আন্দোলনের আয়োজন করছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা শহীদ মিনার চত্বর থেকে সরে যাবেন না।
তিন দফা প্রধান দাবি
১. দশম গ্রেড প্রদান: সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি—১১তম নয়, সরাসরি দশম গ্রেডে বেতন-ভাতা প্রদান।
২. উচ্চতর গ্রেড সমস্যার সমাধান: চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান।
৩. শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ: সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
শিক্ষক নেতারা জানান, বর্তমানে পুলিশের সাব-ইন্সপেক্টর, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান। অথচ সর্বোচ্চ ডিগ্রিধারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বারবার অবহেলিত হচ্ছেন।
সম্প্রতি তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া নতুন সহকারী শিক্ষকরাও আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। তাঁদের প্রতিনিধি মো. মহিব উল্লাহ বলেন, “এই আন্দোলন শুধু বেতনের জন্য নয়, এটি প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছপা হব না।”
শিক্ষকদের দাবি, তাদের পেশাগত মর্যাদা ও প্রণোদনা নিশ্চিত করা গেলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com