এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখতে অনেক নেতাকর্মী ভিড় করায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার সকালে হাসপাতালের সামনে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা যায়। দায়িত্বে থাকা বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন জানান, “সার্বিক নিরাপত্তার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একটি প্লাটুন গেটে দায়িত্ব পালন করছে, অন্যটি টহল দিচ্ছে।”
এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দিলে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড বসায়। তবুও বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপির বহু নেতাকর্মী এসে ব্যারিকেডের বাইরে জড়ো হচ্ছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com