“বিনামূল্যের ছাগল পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবার—স্বপ্ন এখন আর্থিক স্বনির্ভরতার”
সংবাদ প্রতিবেদন:
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বুধবার দুপুরে উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে ছাগল নিতে এসে শানেরহাট ইউনিয়নের বড়পাহাড়পুর গ্রামের বিজলী এক্কা নিজের স্বপ্নের কথা জানান। তিনি বলেন, “বাড়ির ভিটে ছাড়া আমাদের আর কোন জমি নেই। স্বামী-স্ত্রী মিলে দিনমজুরির আয় দিয়ে কষ্টে দিন চলে। বিনামূল্যে অফিস থেকে ২টি বকরী পেয়েছি। এগুলো পালি-পুষে ছোট খামার গড়বো। খামার থেকে আয় করে পরিবারের অভাব দূর করতে চাই।”
একই স্বপ্ন দেখেন চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের তৃষ্ণা মিনজি, উত্তর দুর্গাপুর গ্রামের লিনডুয়া লাকড়া এবং চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ভূমিহীন দিনমজুর রতন পাহাড়ীর স্ত্রী শিল্পী পাহাড়ী। সবারই আশা—ছাগল পালন করে গড়ে তুলবেন নিজস্ব খামার, তৈরি করবেন পরিবারের আর্থিক স্বচ্ছলতার পথ।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল কবির জানান, প্রকল্পের অধীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৭৯টি পরিবারের মাঝে ২টি করে মোট ৩৫৮টি বাড়ন্ত ছাগী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুফলভোগী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
—
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com