Array
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া, লন্ডন যাত্রা রোববারে নির্ভর চিকিৎসকদের সিদ্ধান্তে
সংবাদ প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকা বেগম জিয়ার রোগমুক্তির জন্য এ দোয়া অনুষ্ঠিত হয়।
রাজধানীর নয়াপল্টনের একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা অংশ নেন। তিনি বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকার সময় থেকেই তার রোগের শুরু, চিকিৎসা না পাওয়ায় তিনি আজ গুরুতর অসুস্থ।”
মির্জা ফখরুল জানান, দল-মত নির্বিশেষে দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সংকটময় সময়ে দেশের নেতৃত্ব দিতে ফিরে আসতে পারেন—এ কামনায় সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছেন।
লন্ডনে নেওয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি রয়েছে। তবে তিনি উড়োজাহাজে যাত্রা করতে পারবেন কি না, তা চিকিৎসকরাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তার অবস্থা এখনও গুরুতর বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির সব স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ দেশব্যাপী দোয়ায় অংশ নেন। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়—মন্দির, গির্জা ও প্যাগোডাতেও তার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com