ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত আসন ঢাকা-৮ এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৬।
ঢাকা-৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনটি নির্বাচনের শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “জনগণের সমর্থনে এই জয় এসেছে। সরকারি ঘোষণা এখনো হয়নি, তাই সবাই সংযত থাকবেন। সরকারিভাবে ঘোষণা হলে আমরা সবাই বিজয়োল্লাস করব ইনশাআল্লাহ।”
তবে নির্বাচন ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মিলেনিয়াম ইউনিভার্সিটি কেন্দ্রসহ কয়েকটি স্থানে ভোট গণনায় বাধা দেওয়া হয়েছে এবং ফল আটকে রাখা হয়েছে। তার দাবি, এখনও ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরনো ভোটভিত্তি ও প্রতীকের জনপ্রিয়তা কাজে লাগিয়েই এগিয়ে আছেন মির্জা আব্বাস। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত নয়, তবুও বেসরকারি ফলাফলে ঢাকা-৮ এ ধানের শীষের জয়ই স্পষ্ট হয়েছে।
