
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলায় চাঁদাবাজি, মারধর ও নারীর শ্লীলতাহানির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত সুমন ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার অপর দুই সহযোগী সজীব ও রাসেলকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। সম্প্রতি ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ চাঁদার দাবিতে জোরপূর্বক নিয়ে আসে তারা। এ সময় প্রতিবাদ করলে ভুক্তভোগীদের মারধর করা হয় এবং বাড়ির নারীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমন ফকিরকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা জানান, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া বলেন, গ্রেফতারকৃত সুমন ফকিরসহ তার দুই সহযোগীকে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com