
ডিলারদের বাড়তি চাহিদা ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকারের উদ্যোগ
দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন ডিপোতে ডিলারদের আকস্মিকভাবে বাড়তি চাহিদা দেখা দিয়েছে। ফলে অনেক ক্ষেত্রে ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে কিছু স্থানে অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জ্বালানি তেল বিপণন কোম্পানির সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এসব ডিপোর মধ্যে রয়েছে খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপো।
সরকারি বার্তায় আরও বলা হয়েছে, দেশের জ্বালানি তেলের এসব ডিপো কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে দ্রুত এসব স্থাপনার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
এই প্রেক্ষাপটে চট্টগ্রামের পতেঙ্গা প্রধান স্থাপনা এবং খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর ও বরিশাল ডিপোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com