কৃষক কার্ড বিতরণ উদ্বোধন: “কৃষক সচ্ছল হলে দেশ ভালো থাকবে” — প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
কৃষকদের উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, “পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য, যা কৃষক ভাই-বোনদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। সেই কারণেই এই দিনটিকে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সরকার জনগণের সরকার। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি।”
তিনি জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা।”
তিনি জানান, কৃষক কার্ডে মোট ১০টি সুবিধা থাকবে, যা কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া খাদ্যঘাটতি মোকাবিলা ও ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খাল ও নদী খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে, যা কৃষির জন্য অত্যন্ত সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “এখন দেশ গড়ার সময়। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) এমপি। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়াম থেকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে যান এবং সেখানে কৃষি মেলার উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com