জুলাইয়ে শুরু PEDP-5: দেশের সব প্রাথমিক শিক্ষক পাবেন ইংরেজি প্রশিক্ষণ
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-5)’, যার আওতায় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)’ এর আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অবশিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনতেই নতুন এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, “আগামী ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে বাকি সব শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শিক্ষাবিদদের মতে, প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষার দুর্বলতা দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। এ অবস্থায় সকল শিক্ষকের জন্য ইংরেজি প্রশিক্ষণ চালু হলে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
একই অধিবেশনে উপকূলীয় অঞ্চল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সুনীল অর্থনীতির উন্নয়ন ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টিও বিবেচনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com