গণপিটুনি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: আইন হাতে নিলে কঠোর ব্যবস্থা—ডা. জাহেদ
মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করে জানান, কোনো অবস্থাতেই মব জাস্টিস মেনে নেওয়া হবে না।
ডা. জাহেদ বলেন, অতীতে এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে সমাজে একটি নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। এতে মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস পাচ্ছে, যা সমাজে অরাজকতা সৃষ্টি করছে।
তিনি বলেন, “অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়।” এমনকি কেউ গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তাকে পিটিয়ে হত্যা তো দূরের কথা, শারীরিকভাবে আঘাত করাও সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে প্রশাসনিক কিছু দুর্বলতার কথাও স্বীকার করেন উপদেষ্টা। তবে তিনি বলেন, এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। কুষ্টিয়ার একটি গণপিটুনির ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকার পরিকল্পিত বা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে ডা. জাহেদ বলেন, “মবের ক্ষেত্রে জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স।”
তিনি নাগরিকদের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং যে কোনো অপরাধের ক্ষেত্রে আইনানুগ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com