শাহবাগে উত্তেজনা: ডাকসু দুই নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য
রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আহত অবস্থায় এবি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে নেওয়া হয়। এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এবি জুবায়ের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং মুসাদ্দিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে তারা নির্বাচিত হন।
ঘটনা সম্পর্কে ডাকসুর সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে পরিকল্পিতভাবে জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান বলেন, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জুবায়েরসহ ছাত্রশক্তি ও শিবিরের নেতাকর্মীরা থানায় এলে সাধারণ শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা তাদের ওপর চড়াও হয়। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা তাদের রক্ষা করতে এগিয়ে আসেন।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com