এসকাপ অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব: টেকসই বায়োইকোনমি রেজুলেশন সর্বসম্মতভাবে গৃহীত
ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ)-এর ৮২তম অধিবেশনে টেকসই বায়োইকোনমি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গ্রহণে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ। শুক্রবার শেষ হওয়া এ অধিবেশন আঞ্চলিক উন্নয়ন এজেন্ডায় বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর নেতৃত্বে ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুওয়ার্ডস এ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজুলেশনটি উত্থাপন করা হয়। সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে এটি গৃহীত হয়।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেজুলেশনটি বাংলাদেশের টেকসই, উদ্ভাবননির্ভর ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে সার্কুলার অর্থনীতি, সম্পদের দক্ষ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তরের ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই বায়োইকোনমি ভ্যালু চেইন গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
অধিবেশনে বক্তব্যে মন্ত্রী বলেন, “বায়োইকোনমি শুধু একটি নতুন ধারণা নয়; এটি জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা, স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর পথ।”
বাংলাদেশের এই উদ্যোগে সহ-পৃষ্ঠপোষক হিসেবে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ সমর্থন দিয়েছে।
অধিবেশনে আরও ‘সব বয়সের মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সামাজিক উন্নয়ন জোরদার’ শীর্ষক বাকু-ব্যাংকক ঘোষণা গৃহীত হয়, যেখানে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com