আগামীকাল যশোরে প্রধানমন্ত্রীর সফর: উদ্বোধন, ভিত্তিপ্রস্তর ও জনসভায় অংশ নেবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এই সফরে তিনি একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
যশোরে পৌঁছে প্রথমেই শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।
এরপর শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি নেবেন। বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফিরবেন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসের মধ্যে জেলাটিতে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com