ডিজিটাল প্ল্যাটফর্মে বৈশ্বিক নিয়ন্ত্রণের আহ্বান তথ্যমন্ত্রীর
বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ কাজ কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়; বরং সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
মন্ত্রী গত মার্চে তুরস্কে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট’-এ অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান এবং একে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি তুরস্ক সফরের সময় প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক বুরহানউত্তীন দুরান-এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথাও উল্লেখ করেন। এ বৈঠকে আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও তথ্য আদান-প্রদানে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।
এ সময় তুরস্কের রাষ্ট্রদূত সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশের সরকারি গণমাধ্যমের সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।
তথ্যমন্ত্রী দুই দেশের গণমাধ্যমের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com