জ্বালানি সংকটে তেল কোম্পানির গাফিলতি, ‘কৃত্রিম’ লাইনের ইঙ্গিত—টুকু
রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি বড় কারণ ছিল। একই সঙ্গে পাম্পে দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম’ কারণ এবং রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিতও দেন তিনি।
শনিবার বিয়াম মিলনায়তন-এ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। আমাদের নিজেদের পক্ষ থেকেও কিছু ঘাটতি ছিল।” তিনি আরও জানান, “পাম্পে দীর্ঘ লাইনের পেছনে আর্টিফিশিয়াল কারণ ছিল, এমনকি রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। এখন পরিস্থিতি স্বাভাবিক, লাইনেরও অবসান হয়েছে।”
দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই বেশি সময় দিতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খনিজ সম্পদ বিভাগে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছেন এবং এই খাতে গবেষণা ও উন্নয়ন জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।
মন্ত্রী বলেন, “গত দুই দশক ধরে মেগা বাজেট হচ্ছে, কিন্তু গবেষণায় বিনিয়োগ না বাড়ালে দীর্ঘমেয়াদে দেশ স্বনির্ভর হতে পারবে না।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com