মিডিয়ার সঙ্গে সংঘাত নয়, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়তে কাজ করছে সরকার: জাহেদ উর রহমান
রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সরকার গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের বিরোধে যেতে চায় না; বরং একটি স্বাধীন, শক্তিশালী ও প্রাণবন্ত মিডিয়া পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানানো উচিত এবং মিডিয়াকে আগের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও পরিস্থিতির আরও উন্নতি হবে।
উপদেষ্টা আরও জানান, মিডিয়া সংস্কারে সময় প্রয়োজন এবং সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
মিডিয়া লিটারেসির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কুল পর্যায়ে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রয়োজন বলে তিনি মত দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ মূলধারার গণমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে দায়িত্বশীলতা ও যাচাইকৃত তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, মিডিয়া রিফর্মস কমিশনের সঙ্গে দ্রুত বৈঠক করে বাস্তবসম্মত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com