তীরবর্তী অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিকল্পনা, মৎস্যজীবীদের উন্নয়নে জোর দিলেন প্রপদ্মাতিমন্ত্রী পুতুল
নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলায় মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং বিকল্প আয়বর্ধক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করা গেলে দেশের অর্থনীতিতে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি তিনি ইমো হ্যাকিং, অনলাইন প্রতারণা ও মাদক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল খনন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, লালপুরে বিদ্যুতের ঘাটতি নিরসনে অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে পদ্মা নদী তীরবর্তী এলাকায় সোলার প্লান্ট স্থাপনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মৎস্যজীবীদের আধুনিক মাছ চাষ পদ্ধতি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com