বিদায়ী বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা–র বিদায়ী সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত।
আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান–এর সঙ্গে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সম্পর্কে এক বিবৃতিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
সাক্ষাৎকালে প্রণয় ভার্মা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। বৈঠকে দুই দেশের চলমান সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে নতুন সম্ভাবনা ও সক্ষমতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা সব ক্ষেত্রে আরও জোরদার করা হবে। পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com