মমতার বিদায়, পশ্চিমবঙ্গে বিজেপি যুগের সূচনা: মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলের শীর্ষ নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি এবং রাজ্যের রাজনৈতিক ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শুভেন্দু অধিকারী—যিনি এবারের বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে তার শক্ত ঘাঁটি ভবানীপুরে পরাজিত করে জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে চলে আসেন।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক হেভিওয়েট নেতার নাম সামনে এলেও শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে এগিয়ে যান শুভেন্দু অধিকারী।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কলকাতায় যান অমিত শাহ। তার সঙ্গে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের মতামতের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকেই দলনেতা নির্বাচিত করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে অমিত শাহ বলেন,
“পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং প্রতিটি প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম প্রস্তাব না আসায় সর্বসম্মতিক্রমে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে মমতা ব্যানার্জীর মতো শক্তিশালী নেত্রীকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া রাজ্যের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে।
এদিকে বিজেপি সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কলকাতাসহ বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও উদযাপন করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।
রাজনৈতিক মহলের নজর এখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম সিদ্ধান্ত ও নতুন সরকারের নীতিগত অবস্থানের দিকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com