“চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা, পুলিশে শৃঙ্খলায় কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী”
উপ-শিরোনাম (এসইউ):
পুলিশ সপ্তাহে সালাহউদ্দিন আহমদের কড়া বার্তা— সাইবার পুলিশ ইউনিট গঠন, দুর্নীতিতে জিরো টলারেন্স ও টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর ঘোষণা
সংবাদ:
পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় চেইন অব কমান্ড বা আদেশের শৃঙ্খলা যারা ভাঙবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সরকার কোনো ধরনের আপস করবে না।
সোমবার (১১ মে) ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন ও মাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। তাই সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং অপপ্রচার মোকাবিলায় একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে।
তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
চেইন অব কমান্ড ভাঙার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা চেইন অব কমান্ড ব্রেক করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর কথাও জানান তিনি। বলেন, দেশের ভাবমূর্তি ও পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি জড়িত। এজন্য টুরিস্ট পুলিশকে আরও সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, “আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। পর্যটকদের সংখ্যা বাড়াতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে পুলিশ বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com