
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, সম্পন্ন হয়েছে সম্ভাব্যতা সমীক্ষা
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে অগ্রাধিকার; অর্থায়ন নিয়ে চলছে আলোচনা—সড়ক পরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য তিনটি প্রস্তাবনা বিবেচনায় রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটটি সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে। তিনি বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে নতুন সেতু নির্মিত হলে দেশের অন্যতম ব্যস্ত এই নৌরুটের ওপর চাপ কমবে এবং সড়ক দুর্ঘটনাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
সভায় আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com