
বাংলাদেশের বিমানবন্দরে সেবা দিতে আগ্রহী তুর্কি প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিনিয়োগ ও যাত্রীসেবা উন্নয়নে তুরস্কের সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
তুরস্কভিত্তিক বিমান সেবা প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন বাংলাদেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান খাতভিত্তিক পর্যটন অবকাঠামো উন্নয়নে তুরস্কের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার সচিবালয়ে আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সেলেবি এভিয়েশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাক্ষাৎকালে সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান। তাদের মতে, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীসেবার মান এবং পরিচালন দক্ষতা আরও বাড়ানো সম্ভব হবে।
মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী মিল্লাত প্রতিষ্ঠানটিকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগের ক্ষেত্রে তাদের প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
আফরোজা খানম বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার বিমানবন্দর-কে আন্তর্জাতিক মানে উন্নীত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তিনি সেলেবি এভিয়েশনকে সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মান উন্নয়নে একটি ধারণাপত্র বা কনসেপ্ট পেপার জমা দেওয়ার জন্যও তুর্কি প্রতিষ্ঠানটিকে আহ্বান জানান।
বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের বিমান ও পর্যটন খাতের আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com