
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ আইনি জটিলতা ও প্রায় দুই দশকের অপেক্ষার পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তারা ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে চাকরিতে যোগ দেবেন।
নিয়োগপ্রাপ্তদের আগামী রোববার (১৮ মে) সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে অনাগ্রহী বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগ বাতিল করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকার জানিয়েছে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষার স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হিসেবে গণ্য করা হবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
২৭তম বিসিএসকে ঘিরে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। ২০০৭ সালের ২১ জানুয়ারি তৎকালীন বিএনপি সরকারের সময় প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে একই বছরের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সেই ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান প্রথম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। দীর্ঘ শুনানি ও আপিল শেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেন। এরপর ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম শুরু হয়।
এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রথম বড় প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বাকি নিয়োগ প্রক্রিয়াও পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে।
দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগ পাওয়ায় প্রার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com