
দেশে গত ছয় মাসে নতুন ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। নির্বাচন কমিশন-এর সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। বৃহস্পতিবার (১৪ মে) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, এর আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন তালিকায় ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত তালিকায় এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ১ হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের তথ্য নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসির কর্মকর্তারা বলছেন, নিয়মিত হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবেই নতুন ভোটার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আসন্ন জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকাকে আরও নির্ভুল ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন ভোটারদের বড় একটি অংশ তরুণ হওয়ায় আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ ও রাজনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে নতুন ভোটারদের ঘিরে রাজনৈতিক দলগুলোর কৌশল ও প্রচারণায়ও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com