
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী Jahir Uddin Swapan বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর Institution of Engineers, Bangladesh-এ আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে আইইবি’র ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার।
মন্ত্রী বলেন, ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই হুমকির মুখে পড়তে পারে। বিশ্ব দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর যুগে প্রবেশ করছে উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষাক্রমে ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর বোঝাপড়া নিশ্চিত করা জরুরি।
তিনি প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষের পাশাপাশি নীতি নির্ধারকদেরও প্রযুক্তিগত বাস্তবতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।
তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের মেধাবী তরুণদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে প্রশিক্ষিত করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. রেদওয়ান জামান অনিক। স্বাগত বক্তব্য দেন আইইবি সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান।
আইইবি ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com