
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ মে) থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবি সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ার আশঙ্কায় রাজধানী ও আশপাশের মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে যানজটপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা কাজ করছেন।
রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদকে ঘিরে সম্ভাব্য যানজট, অতিরিক্ত জনচাপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এই বিশেষ মোতায়েনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, “রাজধানীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে তিন দিন পর্যন্ত সদস্যরা দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ মহাসড়ক, টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও বিজিবি সদস্যরা সহায়তা করবেন।
সাধারণ যাত্রীদের প্রত্যাশা, অতীতের মতো দীর্ঘ যানজট ও ভোগান্তি এড়াতে প্রশাসনের এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com