
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ও বেদনাবিধুর। তিনি জানান, প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “রামিসাসহ যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের সবার প্রতি দেশবাসীর গভীর স্নেহ, মায়া ও মমতা রয়েছে। এই বর্বরোচিত ঘটনার প্রতি জাতির সমবেদনা জানাতেই প্রধানমন্ত্রী নিজে শোকাহত পরিবারের পাশে গেছেন।”
তিনি আরও বলেন, “সরকারের কঠোর আইনি উদ্যোগ এবং এই অপরাধের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ তৈরি হয়েছে, সাংবাদিকরা জনমত গঠনের মাধ্যমে তা তুলে ধরছেন। এই শক্তিশালী জনমতের ভিত্তিতেই ভবিষ্যতে আরও কঠোর ও কার্যকর আইন প্রণয়ন সম্ভব হবে, যাতে শিশু নির্যাতনের মতো অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মূল করা যায়।”
গ্রামাঞ্চলে নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার অবশ্যই ইতিবাচক। তবে সেগুলোকে নির্ধারিত কারিকুলাম ও নিয়মকানুনের আওতায় পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে।”
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলা এবং থানায় মামলা নিতে বিলম্বের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নিজেও সংবাদপত্রে বিষয়টি দেখেছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাইনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন, বিস্তারিত তিনিই জানাবেন।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com