
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেছেন, “ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”
মঙ্গলবার জাতীয় ঈদগাহ প্রাঙ্গন পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, “র্যাবের সব সদস্য ঈদের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে।”
তিনি আরও জানান, ঈদের প্রধান জামাতগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশব্যাপী জনসমাগমস্থল, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুদদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাত ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে।
র্যাব মহাপরিচালক বলেন, “ঈদের সময় বড় শহরগুলোতে মানুষের উপস্থিতি কমে যাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ে। তাই মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন টহল ও নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতেও র্যাব সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। যেকোনো সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com