হাদী হত্যা নিয়ে বাইরের মন্তব্য আমলে নেওয়ার বিষয় নয়, বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত এক প্রার্থীর হাদী হত্যা নিয়ে দেওয়া মন্তব্য বাংলাদেশের বিবেচনায় নেওয়ার মতো কোনো বিষয় নয়। তবে হাদী হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের আইন ও বিচার ব্যবস্থা নিজস্ব নিয়মে পরিচালিত হয়। তাই দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাইরের রাজনৈতিক মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তবে হাদী হত্যা মামলার যথাযথ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার ব্যাপারে সরকার আন্তরিক এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এসময় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ অর্জন শুধু একজন ব্যক্তির নয়, বরং সমগ্র বাংলাদেশের। আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়। এটি বাংলাদেশের গণতন্ত্রের বিজয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “শুধু জাতিসংঘ নয়, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছেও বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাম্প্রতিক এই নির্বাচন প্রমাণ করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের সক্ষমতা, নেতৃত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর আস্থা রাখে।”
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ থেকে সফরের আমন্ত্রণ এসেছে। তবে কোন দেশ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর বিদেশ সফর শুরু করবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করবেন। সময় হলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে কাজ করছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান সুসংহত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com