এক বছরে চালু হবে গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ঢাকায় মিলবে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি
নারায়ণগঞ্জ, ৮ জুন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী এক বছরের মধ্যেই প্রকল্পটির কাজ সম্পূর্ণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রকল্পটির মূল শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে।”
তিনি আরও জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের প্রথম ধাপ শেষ হওয়ার পর আরও একটি নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় প্রকল্প বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। ফলে দুটি প্রকল্প থেকে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার সারফেস ওয়াটার ঢাকাবাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। পাশাপাশি শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলা এবং ঢাকার দীর্ঘমেয়াদি টেকসই পানি সরবরাহ ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com