ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অবহেলার প্রমাণ পেল তদন্ত কমিটি
ঢাকা, ১১ জুন : রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে হাসপাতালটির অবহেলার প্রমাণ পাওয়ার পর বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। আলোচিত এই ঘটনায় একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর পর হাসপাতালটির কার্যক্রম নিয়ে দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালটির লাইসেন্স বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবু হোসাইন মো. মঈনুল আহসানও লাইসেন্স বাতিলের তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ঈদের আগের দিন বুধবার সকালে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। হৃদয়বিদারক এই ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে এবং ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়।
তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক অবহেলার চিত্র উঠে আসে। কমিটির পর্যবেক্ষণে বলা হয়, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা এবং পর্যাপ্ত বায়ু চলাচলের বিকল্প ব্যবস্থা না থাকায় কক্ষের ভেতরে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এসব কারণই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চাইলেও তাদের জবাব সন্তোষজনক হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। ভুক্তভোগী একটি পরিবারের পক্ষ থেকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নিহত নবজাতকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আইনজীবী শিশির মনির জানান, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন ও সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে।”
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com