
ঢাকা প্রতিনিধি: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানের আগে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গভবনের সামরিক সচিব ও অন্যান্য সচিব অক্টাগনে অভ্যর্থনা জানান এবং তাকে ভিভিআইপি-১ আসনে নিয়ে যাওয়া হয়।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এরপর বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি একসঙ্গে দরবার হলে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রপতির আগমনী সুর বাজিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অতিথিরা আসন গ্রহণের পর মন্ত্রিপরিষদ সচিব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অনুমতিক্রমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু করেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন উপস্থিত অতিথিদের সামনে উপস্থাপন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করানোর অনুরোধ জানান।
শপথ গ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি ও বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরস্পরের আসন পরিবর্তন করেন। পরে ভারপ্রাপ্ত স্পিকার ও নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন।
দায়িত্ব গ্রহণের পর বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও নতুন রাষ্ট্রপতি পরস্পরের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের শপথ পাঠ করান।
সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বঙ্গভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com