
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী তিন মাসের এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করেন। ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শিরোনামের এই কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। এই সময়ে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে ১৩০ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৩ হাজার ২১৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠক করেছেন।
প্রতিমন্ত্রী আরও সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতির তুলনায় আগামী তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই তিন মাসের এই জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসকে ডেঙ্গুর জন্য সবচেয়ে উদ্বেগজনক সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহের শনিবার সারা দেশে জাতীয়ভাবে বা সরকারি উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো তাদের নিজ নিজ এলাকায় প্রতিদিন নিয়মিতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com