
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, এই পদে নতুন নিয়োগের ক্ষেত্রে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দিচ্ছে। এর আগে গত বুধবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সায়মা ওয়াজেদ।
২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে আঞ্চলিক প্রধান নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হয়। এই পরিস্থিতির ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাই মাসে ডব্লিউএইচও কর্তৃপক্ষ সায়মা ওয়াজেদকে অবৈতনিক ছুটিতে পাঠায়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তিগুলো বর্তমানে সংসদীয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি। দুই দেশের সম্পর্ককে নতুন ও কার্যকর মাত্রায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে বেসামরিক মানুষের প্রাণহানি রোধ ও নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যসহ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com