
ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন এলাকায় একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ঘটা এই হামলায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তারা ওই এলাকা অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই এই হামলা চালানো হয়। কিয়েভে আন্তর্জাতিক সম্মেলন শেষ করে ফেরার পথে একই রেললাইন ব্যবহার করেছিলেন বরিস জনসন ও বৃটেনের জোনাথন পাওয়েলসহ শীর্ষ ইউরোপীয় প্রতিনিধিরা, তবে তারা অন্য ট্রেনে ছিলেন।
হামলার ঠিক ১৫ মিনিট আগে আক্রান্ত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ঘটনার সময় সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস পাশের আরেকটি ট্রেনে অবস্থান করছিলেন। সম্মেলনে অংশ নেয়া সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ট জানান, তাদের ট্রেন থামিয়ে দ্রুত সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়, পরে ট্রেনটি নিরাপদে পোল্যান্ড পৌঁছায়। রাশিয়ার দাবি, তারা রেল অবকাঠামো লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। যদিও ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি উকরজালিজনিৎসিয়ার মতে, হামলার মূল লক্ষ্য সম্ভবত কূটনৈতিক ট্রেনটিই ছিল।
এই ঘটনার পর বরিস জনসন বলেছেন, ইউক্রেনীয়রা প্রতিদিন এমন নির্মম হামলার শিকার হচ্ছে এবং তিনি ইউক্রেনের জন্য পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মন্তব্য করেছেন, পুতিনের সন্ত্রাস সরাসরি ন্যাটো ও ইউরোপের দরজায় আঘাত করছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক এই পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন। উল্লেখ্য, আকাশপথ বন্ধ থাকায় রেলপথই এখন ইউক্রেনীয়দের প্রধান ভরসা, অথচ রাশিয়া বর্তমানে নিয়মিত ট্রেন ও স্টেশনে হামলা বাড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com