রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ এবং ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। গত ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তারা বিশেষ নজরদারির মাধ্যমে এসব পণ্য উদ্ধার করেন।
অভিযান সূত্রে জানা যায়, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটে আসা যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহের তালিকায় পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই দিন মালয়েশিয়া থেকে এয়ারএশিয়ার একে-৭১ ফ্লাইটে আসা যাত্রী শেপনের ব্যাগেজ থেকে ৪৪টি ভেপ জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে এসব পণ্য কাস্টমসের হেফাজতে নেওয়া হয়েছে।
একই দিনে চীন থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩২৬ ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজে পাওয়া যায় বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে। এর মধ্যে কে এম তোফায়েল আহমেদের ব্যাগেজে ৯৮টি এবং শামিমা আক্তারের ব্যাগেজ থেকে ৪৬টি মোবাইল ডিসপ্লে পাওয়া যায়। দুই যাত্রীর কাছ থেকে সর্বমোট ১৪৪টি ডিসপ্লে জব্দ করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আকাশপথে আসা এই পণ্যগুলোর বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, অথবা যাত্রীদের অর্থের বিনিময়ে বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতেও নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com