
আলোচনা ও সমালোচনার দীর্ঘ অধ্যায় শেষে বিলুপ্ত হলো অভিজাত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এখন থেকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন পরিচয়ে ও নতুন কাঠামোর অধীনে কার্যক্রম পরিচালনা করবে বাহিনীটি। বুধবার থেকেই এই নতুন নামে যাত্রা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর প্রধান আহসান হাবীব পলাশ।
এ বিষয়ে বাহিনী প্রধান জানান, এসআরবি নামে সরকারি গেজেট প্রকাশের পর আজ থেকেই র্যাবের পরিবর্তে এই নতুন নামে প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। সংবাদ সম্মেলনের জন্য প্রকাশিত আমন্ত্রণপত্র ও বাহিনীর বিভিন্ন ইউনিটের বিজ্ঞপ্তিগুলোতে লোগো অপরিবর্তিত থাকলেও সেখানে এখন ‘এসআরবি বাংলাদেশ’ নাম ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়েছিল। পরবর্তীতে মঙ্গলবার গেজেট প্রকাশের মাধ্যমে তা আইনে রূপ নেয় এবং এর ঠিক পরদিনই কার্যকর হলো নতুন এই সিদ্ধান্ত। ২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে র্যাব গঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির সাফল্য থাকলেও বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
এমনকি এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাহিনীটির ওপর ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটিও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। ক্ষমতায় আসার পর শেষ পর্যন্ত সরকার বাহিনীটিকে পুরোপুরি বিলুপ্ত না করে এর কর্মপরিধি ও কাঠামো পুনর্বিন্যস্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে মাঠে সক্রিয় রাখল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com