
ওমানে অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের নিয়মিতকরণের লক্ষ্যে বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, আকাবা-ব্যবস্থার আওতায় অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্টদের এই সুবিধার জন্য আবেদন সম্পন্ন করতে হবে। এই সুযোগের আওতায় গৃহকর্মীসহ ওমানে অবস্থানরত সব অবৈধ বিদেশি কর্মী এবং ভিজিট ভিসায় এসে অবৈধ হওয়া প্রবাসীরা আবেদন করতে পারবেন। তবে এই কর্মসূচির আওতায় পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত নন।
নতুন এই নিয়মে কর্মস্থল পরিবর্তন বা কফিল বদল করার ক্ষেত্রে আগের নিয়োগকর্তার অনুমতি বা ছাড়পত্রের প্রয়োজন হবে না। এছাড়া এএসইজেডএ (ASEZDA) জোনে কর্মরত প্রবাসীরা যদি ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত কোনো জরিমানার মুখে পড়ে থাকেন, তবে সেই জরিমানা পুরোপুরি মওকুফ করা হবে। শর্তসাপেক্ষে নতুন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। যারা ওমান ছেড়ে স্থায়ীভাবে চলে যেতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য সব জরিমানা মওকুফের ব্যবস্থা রাখা হয়েছে।
কর্মীদের সুবিধার্থে এএসইজেডএ কর্তৃপক্ষ নিয়মিত অফিস সময়ের বাইরেও বিশেষ সময় নির্ধারণ করেছে। এর ফলে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা পাওয়া যাচ্ছে। বিশেষ উল্লেখ্য যে, আগে যারা এই ধরনের সুযোগ গ্রহণ করেছিলেন, তারাও চাইলে পুনরায় আবেদনের সুযোগ পাবেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের প্রয়োজনে সরাসরি এএসইজেডএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নতুন কোনো আপডেট পাওয়া গেলে তা দূতাবাসের পক্ষ থেকে দ্রুত জানিয়ে দেওয়া হবে। প্রবাসীদের দ্রুত এই সুযোগ গ্রহণ করে বৈধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com