
উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, ন্যায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে বৈশ্বিক আর্থিক কাঠামোতে বড় ধরনের সংস্কারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। নিউইয়র্কে স্থানীয় সময় গত শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘লিডিং এসডিজি অ্যাকশন’ শীর্ষক এক লিডার্স ডায়ালগে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।
ড. তিতুমীর বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দৃষ্টিভঙ্গি হতে হবে সম্মিলিত এবং সুদূরপ্রসারী। এমন একটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যা শুধু উন্নয়নের অর্থায়নই নিশ্চিত করবে না, বরং উন্নয়নের টেকসই ধারা বজায় রাখতে সহায়ক পরিবেশ তৈরি করবে। বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসহ বিদ্যমান আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার লক্ষ্যে তিনি পাঁচটি সুনির্দিষ্ট অগ্রাধিকার প্রস্তাব করেছেন।
উপদেষ্টার উত্থাপিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে— সংকটের সময় কেবল প্রতিক্রিয়াশীল না হয়ে ঝুঁকি শনাক্ত ও তা প্রশমনে সক্ষম ব্যবস্থা গড়ে তোলা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পর্যায়ে ঝুঁকিপ্রবণ দেশগুলোর অংশগ্রহণ ও কণ্ঠস্বর শক্তিশালী করা, স্বল্পব্যয়ী ও দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা, জাতীয় অগ্রাধিকারের সঙ্গে আন্তর্জাতিক অর্থায়নের সামঞ্জস্য রক্ষা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণকারী দেশগুলোর জন্য নমনীয় সহায়তা ও অগ্রাধিকারমূলক সুবিধা বহাল রাখা।
তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের উদাহরণ হিসেবে ড. তিতুমীর বাংলাদেশের ‘এসডিজি ভিলেজ’ উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় জনসাধারণের চাহিদা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ পানি, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল সেবা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির মতো বহুমুখী কর্মসূচি এই উদ্যোগের আওতায় বাস্তবায়িত হচ্ছে। এই সংলাপে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট তেরেসা রিবেরা, বেনিনের অর্থমন্ত্রী আরিস্তিদ মেদেনু এবং পানামার সামাজিক উন্নয়নমন্ত্রী বিয়াত্রিস কার্লেস দে আরাঙ্গো অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের শেরউইন ব্রাইস-পিস।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com