
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রিজভী প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করে রিজভী বলেন, তিনি জাতিসংঘে অস্ত্রের পরিবর্তে কূটনীতি, শিক্ষা, মানবতা ও চুক্তির মাধ্যমে পরিবর্তন আনার ডাক দিয়েছেন। প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্কের ওপর জোর দিয়ে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা এখন সারা বিশ্বের দাবি। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার সাথে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি।
যুদ্ধ ও সংঘাতের কুফল তুলে ধরে রিজভী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও বেকারত্ব বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তারেক রহমান এসব বৈশ্বিক সংকট নিরসনের বার্তা দিয়েছেন। যারা দেশ ও গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চায়, তাদের উদ্দেশ্যে রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যারিকেড গড়ে তুলবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের নির্ভীক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির বর্তমান সরকারকে জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, কোনো মিডনাইট নির্বাচন নয়, অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার এখন দেশের উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় কাজ করছে। সমাবেশে ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com