
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো বা অস্থিরতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ত্রিবেদী স্পষ্ট করেছেন যে, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমন্ত্রণ সবসময় খোলা রয়েছে। তবে সফরটি কখন হবে, তা পুরোপুরি নির্ভর করছে দুই দেশের প্রধানমন্ত্রী যখন নিজেদের জন্য সুবিধাজনক মনে করবেন, তার ওপর।
নভেম্বরে প্রধানমন্ত্রীর সফরের কোনো তারিখ চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, সফর নিয়ে আগে যে আলোচনা হয়েছে, ভারতের আমন্ত্রণ এখনো বহাল আছে। তিনি আশাবাদী কণ্ঠে বলেন, সবকিছুই ইতিবাচক। তিনি নিজে, প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের সাধারণ মানুষ—সবাই ইতিবাচক অবস্থানে আছেন। মানুষের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতির আলোকে তিনি কোনো নেতিবাচক কিছু দেখছেন না। সব কিছুই একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এই সাক্ষাৎটি ছিল পুরোপুরি সৌজন্যমূলক। ত্রিবেদী জানান, প্রতিমন্ত্রীর নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানানো এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা পৌঁছে দেওয়াই ছিল তার আসার মূল লক্ষ্য। তিনি হুমায়ুন কবিরের প্রশংসা করে বলেন, তিনি একজন গুরুত্বপূর্ণ ও খোলামেলা ব্যক্তিত্ব। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকটি বেশ সফল ছিল বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, এখানে নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি ছিল না, বরং পারস্পরিক সম্পর্ক ও শুভকামনা বিনিময়ের উদ্দেশ্যেই এই সাক্ষাৎ হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে যখন সঠিক সময় আসবে, তখনই এই সফর সম্পন্ন হবে বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com