
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সারা দেশে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আয়োজিত সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮৫১টিতে দাঁড়িয়েছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি এবং তার আগের বছরগুলোতে এ সংখ্যা ছিল প্রায় ২৮ হাজার। ফলে বিগত বছরের চেয়ে এবার প্রায় দেড় হাজার মণ্ডপ বেড়েছে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সরকারি সংস্থাকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যানুযায়ী এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপে বিশেষ বা উচ্চঝুঁকি নেই। তবে পুরো উৎসবজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া এবার দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন করা হয়েছে, যা সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলেও তিনি দাবি করেন।
পূজা চলাকালে কঠোর নজরদারির জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে, যা এর আগে নির্বাচনের সময় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ব্যবহার করেছিল। অ্যাপটির মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত পাওয়া যাবে এবং ব্যবস্থা নেওয়া সহজ হবে। জেলা পর্যায়ের কর্মকর্তাদের ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল সচল থাকবে।
মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপ আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষণিক জেনারেটর প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং বিকল্প হিসেবে রিচার্জেবল লাইট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com