
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সরাসরি বিমান যোগাযোগ স্থাপিত হলে প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে। বুধবার ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন মন্ত্রী।
বৈঠকে মন্ত্রী জানান, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল থেকে আন্তর্জাতিক রুটে ভ্রমণের চাহিদা তুলনামূলক বেশি। সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হলে এই দুই অঞ্চলের যাত্রীদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সংযোগ ফ্লাইট ধরতে হবে না, যা তাদের সময় ও ভ্রমণ ব্যয় সাশ্রয় করবে। বর্তমানে তুরস্কভিত্তিক একটি এয়ারলাইনস ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। এই রুটে অতিরিক্ত আরও তিনটি সাপ্তাহিক ফ্লাইট চালুর বিষয়ে তুরস্কের আগ্রহকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী। এছাড়া হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে ফ্লাইট পরিচালনার সক্ষমতা আরও বৃদ্ধির কথা জানান তিনি।
ওসমানী বিমানবন্দরের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, গত ১ সেপ্টেম্বর থেকে দীর্ঘ আট বছর পর সিলেটের এই বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে একটি ওমানভিত্তিক এয়ারলাইনস সিলেট-মাসকাট রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে। সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যাত্রী পরিবহনের পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ মত প্রকাশ করে।
বিমান চলাচলের পাশাপাশি পর্যটন ও বিনিয়োগের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বৃহৎ প্রকল্পের উন্নয়নে তুরস্কের বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পর্যটন খাতে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানো এবং বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন ছাড়াও দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট এবং তুরস্কের একটি আন্তর্জাতিক এয়ারলাইনসের বাংলাদেশ প্রতিনিধি ইসলাম গুরে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com