
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও আছাড় মারার ঘটনায় নাহিদ শেখ নামের এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে ওই অভিভাবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বুধবার ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা নাহিদ শেখ বিদ্যালয়ে প্রবেশ করেন। তখন প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। প্রত্যক্ষদর্শী ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, নাহিদ শেখ শ্রেণিকক্ষে ঢুকে প্রতিপক্ষ এক শিক্ষার্থীকে ধরে মারধর শুরু করেন এবং একপর্যায়ে তাকে তিনবার তুলে আছাড় দেন। এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর প্রধান শিক্ষক অভিযুক্ত নাহিদ শেখকে নিজের দপ্তরে নিয়ে যান এবং তাৎক্ষণিকভাবে সিরাজদীখান থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে নাহিদ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উদ্বেগ ও সমালোচনার ঝড় উঠেছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গত বুধবার দুই শিক্ষার্থীর মধ্যে যে ঝগড়া হয়েছিল, তা প্রধান শিক্ষকের কাছে জানিয়ে সমাধান করা যেত। কিন্তু শ্রেণিকক্ষে ঢুকে এভাবে মারধর করা অত্যন্ত লজ্জাজনক এবং গ্রহণযোগ্য নয়। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com