প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:২৪ পি.এম
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) মারা গেছেন। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিডিনিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসা নেওয়ার জন্য কিছুদিন আগেই তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
পেশাগত জীবন ও অবদান
- তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
- বিডিনিউজের দায়িত্ব নেওয়ার আগে তিনি লন্ডনভিত্তিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক এবং সম্পাদক পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে খালিদী ডিসেম্বর ২০১৭ সালে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com
All rights reserved © 2017-2026 Daily Crime Bangla