
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং মারধরের অভিযোগে বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে তোলার সময় প্রিজন ভ্যান থেকে উপস্থিত সাংবাদিকদের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেন, 'আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।' এ সময় তাকে প্রিজন ভ্যানের ভেতরে থাকা একজন পুলিশ সদস্যকে আঙুল তুলে শাসাতে দেখা যায়। পরে গাড়ি থেকে নামার সময় তিনি নিজের মাথার হেলমেট ছুড়ে ফেলে দিয়ে বলেন, 'আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।'
আদালতে শুনানির সময়ও নিজের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র বিরোধিতা করেন আখতারুজ্জামান। মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি বলেন, 'বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল, সবাই লুটেপুটে খাচ্ছে। প্রসিকিউশন আমার অপরাধ প্রমাণ করুক, আমি ফাঁসিতে যাব। এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির হয়েছে।'
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com