
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে ১টা ২৭ মিনিটের মধ্যে টানা তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের মিজোরাম-ত্রিপুরা ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা। এই ভূকম্পনের প্রভাব চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জোরালোভাবে অনুভূত হয়। পরপর এমন ঘটনায় গভীর রাতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে রাত ১২টা ১২ মিনিটে, যার কেন্দ্রস্থল ছিল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প হয়। এই কম্পনটি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বেশ স্পষ্টভাবে টের পাওয়া গেছে।
সর্বশেষ, রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা অঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর প্রভাব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। অল্প সময়ের ব্যবধানে বারবার ভূমি কেঁপে ওঠায় আতঙ্কিত বাসিন্দারা অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এই তিন দফা ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com