
পাঠ্যবই ছাপার কাজে অনিয়ম বা প্রতারণার আশ্রয় নিলে সংশ্লিষ্ট ছাপাখানা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দেন।
শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনো মুদ্রণ প্রতিষ্ঠান একবার প্রতারণা করলে আগামীতে তাদের আর বই ছাপার কাজ দেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় শিল্প খাতের উন্নয়নের ওপর জোর দিয়েছেন। তাই মুদ্রণ ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। একবার প্রতারণা করলে পরবর্তীতে তাদের আর কাজ পাওয়ার সুযোগ থাকবে না। শিক্ষামন্ত্রী বলেন, ‘একবার যদি কোনো প্রিন্টার্স চিট (প্রতারণা) করে, তাহলে আমি আগামী দিনে তাকে আর বই ছাপাতে দেব না। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করার। সেজন্য আমি বলব, তারা যেন ভেবেচিন্তে কাজ করেন।
দেশের ছাপাখানাগুলোর সক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এক সময় ভারত থেকে পাঠ্যবই ছাপিয়ে আনতে হতো, কিন্তু এখন দেশের ছাপাখানাগুলোই বই ছাপাতে সহযোগিতা করছে। মুদ্রণশিল্প সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারও সময়মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. এহছানুল হক মিলন উল্লেখ করেন, ২০০১ থেকে ২০০৬ সালেও তাঁর দায়িত্ব পালনকালে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেন, এবারও পাঠ্যবইয়ের গুণমান ভালো হবে। এর আগে গত জুলাই মাসেও তিনি মুদ্রণ ও কাগজকল মালিকদের সঙ্গে বৈঠক করে সময়মতো বই সরবরাহের গুরুত্ব তুলে ধরেছিলেন এবং স্থানীয় শিল্পকে টিকিয়ে রাখতে দেশীয় প্রেসগুলোতে কাজ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আল আমিন খান , মোবাইলঃ ০১৩০৪৩৬৭৪৮১. ই-মেইলঃ dailycrimebangla@gmail.com